কচুয়া প্রতিদিন ডেস্ক।।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ‘শিববাড়ি মন্দির (কালিবাড়ি ও মঘিয়া মন্দির)’ এলাকাকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৯৬৮ সালের (সংশোধিত, ১৯৭৬) প্রত্নসম্পদ আইনের ১০ ধারার (১) উপধারার ক্ষমতাবলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়।
গত ৩০ জুন ২০২৬ (১৬ আষাঢ় ১৪৩৩) তারিখে মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে অবস্থিত এই প্রাচীন মন্দিরটির মোট ১.৬৬ একর জমিকে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণের আওতাভুক্ত করা হয়েছে।
ভূমি রেকর্ড অনুযায়ী, বিআরএস ২৪৯ নম্বর খতিয়ানের ৭৩১, ৭৩২, ৭৩৩, ৭৩৪, ৭৩৫, ৭৪৬ এবং ৭৪৭ নম্বর দাগের মোট ১.৬৬ একর জমি ‘বারোয়ারী কালী মন্দির কমিটি’র পক্ষে সেবাইত শংকর ভট্টাচার্য (পিতা: অমূল্য কুমার ভট্টাচার্য)-এর নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং বর্তমানে এটি মন্দিরের দখলেই রয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এই প্রত্নসম্পদের মালিকানা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মতি জ্ঞাপন করেছেন।
তফসিল অনুযায়ী, সংরক্ষিত এই প্রত্নসম্পদ এলাকার পূর্বে মোঃ সাফায়াত হোসেনের জমি, পশ্চিমে কচুয়া-দেপাড়া পাকা সড়ক, উত্তরে মোঃ কামরুল ইসলাম শেখের জমি এবং দক্ষিণে আবুল হোসেন হাজরার জমি রয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনের ফলে এখন থেকে এই ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ, সংস্কার এবং সুরক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
স্থানীয় সচেতন মহল ও মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন ঘোষ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেছেন।





